পুঁজিবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ৮০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। দেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ৯৭৫তম কমিশন সভায় এ অনুমোদন প্রদান করে।
বিএসইসি সূত্রে জানা গেছে, ট্রাস্টি সনদ জমা দেওয়ার শর্তে ব্যাংকটির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বন্ডটি হবে আন-সিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল এবং ফ্লোটিং রেট সাব-অর্ডিনেট বন্ড। এর কুপন রেট নির্ধারিত হবে রেফারেন্স রেটের সাথে অতিরিক্ত ৩ শতাংশ ক্যুপন মার্জিন যোগ করে।
প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিকট বন্ডটি ইস্যু করা হবে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে ১ লাখ টাকা। সংগৃহীত অর্থ ব্যাংকের টায়ার-২ মূলধন বেসেল-৩ এর ভিত্তিতে শক্তিশালী করার কাজে ব্যবহার করা হবে।
এ বন্ডের ট্রাস্টি হিসেবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি দায়িত্ব পালন করবে। আর অ্যারেঞ্জারের দায়িত্বে থাকবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। পরবর্তীতে এই বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হবে।