দেশে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের মোট মৃত্যুর সংখ্যা দুশোর (২০০) ঘরে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে বুধবার (১ অক্টোবর) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে এ বছর দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৮৩২ জনে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা।
নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৮ জন, চট্টগ্রামে ৬০ জন, ঢাকা বিভাগে ১০০ জন, ঢাকা উত্তর সিটিতে ৭৮ জন, দক্ষিণ সিটিতে ৬৪ জন, ময়মনসিংহে ২৮ জন এবং রংপুর বিভাগে ২২ জন রোগী রয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭৭ জন রোগী। চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৫ হাজার ২৭৩ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।