শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিন দেশের ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার (১ অক্টোবর) থেকে শনিবার (৪ অক্টোবর) পর্যন্ত এই ছুটি কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে, ১ অক্টোবর সরকারি নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে থাকবে আরেক দিনের ছুটি। এরপর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা চার দিন দেশের ব্যাংক, পুঁজিবাজারসহ আর্থিক খাতের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।
তবে ব্যাংকগুলোর এটিএম, সিআরএম, মোবাইল ব্যাংকিং ও অনলাইন ব্যাংকিং সেবা চলমান থাকবে। ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১ ও ২ অক্টোবর সব শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেট বন্ধ থাকবে। তবে গ্রাহকরা এটিএম বা সিআরএম, সেলফিন, এমক্যাশ ও আই-ব্যাংকিংয়ের মাধ্যমে নিয়মিত লেনদেন করতে পারবেন।
এদিকে ছুটি শেষে আগামী রবিবার (৫ অক্টোবর) থেকে স্বাভাবিক নিয়মে ব্যাংকিং কার্যক্রম শুরু হবে। ওই দিন সকাল ১০টা থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) স্বাভাবিক লেনদেন চলবে।