বাংলাদেশ ব্যাংক দেশের রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (বিডি-আরটিজিএস) ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা করেছে। নতুন সূচি অনুযায়ী, সাধারণ গ্রাহকরা সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্থানীয় মুদ্রায় অর্থ স্থানান্তর করতে পারবেন। বৈদেশিক মুদ্রায় লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের (আন্তঃব্যাংক) তহবিল স্থানান্তর করা যাবে স্থানীয় মুদ্রায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা ১৫ মিনিট পর্যন্ত এবং বৈদেশিক মুদ্রায় বেলা ৪টা ৩০ মিনিট পর্যন্ত। নতুন সূচি আগামী ৫ অক্টোবর থেকে কার্যকর হবে, সপ্তাহান্ত ও সরকারি ছুটির দিন ছাড়া।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, এই পরিবর্তনের লক্ষ্য হলো ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা মেটানো এবং ইলেকট্রনিক লেনদেন ব্যবস্থার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। আরটিজিএস ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে অর্থ স্থানান্তর করতে পারবেন। এই পদ্ধতি ব্যবহার করে আমদানি পণ্যর শুল্কও পরিশোধ করা সম্ভব।
লেনদেনের জন্য কোনো ঊর্ধ্বসীমা নেই, তবে সর্বনিম্ন ১ লাখ টাকা লেনদেন করা যাবে। প্রতিটি লেনদেনের বিপরীতে ব্যাংকগুলো ১০০ টাকা সেবা ফি ধার্য করে।
২০১৫ সালের ২৯ অক্টোবর দেশে প্রথমবার আরটিজিএস চালু করা হয়। শুরুতে বাণিজ্যিক ব্যাংকগুলো এই ব্যবস্থায় যুক্ত ছিল। ২০২২ সালের মে মাস থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও (এনবিএফআই) এই ব্যবস্থার আওতায় আনা হয়। একই বছরের সেপ্টেম্বরে বৈদেশিক মুদ্রায় লেনদেনও চালু করা হয়। বর্তমানে দেশের ১১,২৩১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শাখা আরটিজিএসে সংযুক্ত রয়েছে।
বাংলাদেশ ব্যাংক বর্তমানে ‘নেক্সট জেনারেশন আরটিজিএস’ চালুর প্রকল্প নিয়েছে, যা ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করবে। এই নতুন সংস্করণে আরটিজিএস সফটওয়্যার সংযোগের খরচ সাধারণত ৪ থেকে ৬ লাখ টাকা, আর লাইসেন্স নবায়ন ফি ও সার্ভিস চার্জ সর্বোচ্চ ১ লাখ টাকা ধার্য হয়।