আগামী ডিসেম্বর বা ২০২৬ সালের জুনে নির্বাচন ধরে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রাজশাহী জেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সভায় তিনি এ কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনের সময়টা নির্বাচন কমিশনের হাতে নেই। তবে অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ১৬ ডিসেম্বরের বক্তব্য থেকে একটা ধারণা পাওয়া গেছে।
তিনি বলেছেন, সংস্কারকাজ যদি সংক্ষিপ্ত করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে এসে দাঁড়ায়, তাহলে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে। আর যদি সংস্কার কার্যক্রম আরেকটু বর্ধিত করতে দেওয়া হয়, তাহলে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব। নির্বাচন কমিশন এ বিষয়টা ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরও বলেন, কমিশন দায়িত্ব নিয়েছে একটি অবাধ, নিরপেক্ষ, উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য। যেসব কারণে জুলাই-আগস্টের অবতারণা হয় তার মধ্যে অন্যতম ছিল ভোটের অধিকার হারিয়ে যাওয়া। বর্তমান কমিশন একটি ভঙ্গুর নির্বাচনব্যবস্থার মধ্যে দায়িত্ব নিয়েছে। অপরপাশে রয়েছে সন্তানদের রক্ত। তাই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশন দায়বদ্ধ।
এর আগে তিনি রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ ও জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার ও জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম।