২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই আগেভাগে ছিটকে গেছে। রাওয়ালপিন্ডিতে আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি তাই নিয়মরক্ষার। তবে বৈরি আবহাওয়ায় ম্যাচ এখন পর্যন্ত শুরু করা সম্ভব হয়নি। ম্যাচ পরিত্যক্ত হলেও নাজমুল হোসেন শান্তদের ব্যাংক অ্যাকাউন্টে যোগ হবে ন্যুনতম ৩ কোটি টাকা।
চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া আট দল এমনিতেই ১ লাখ ২৫ হাজার ডলার করে পাচ্ছে। বাংলাদেশি ১ কোটি ৫১ লাখ টাকা। এখন যদি বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে দুটি দলই ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করবে। এক্ষেত্রে পয়েন্ট টেবিলের তিনে থেকে টুর্নামেন্ট শেষ করবে শান্ত-মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদদের বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের নেট রানরেট -০.৪৪৩ ও পাকিস্তানের সেটা -১.০৮৭। যদি বাংলাদেশ সাত-আটের মধ্যে থেকে টুর্নামেন্ট শুরু করে, তাহলে সব মিলিয়ে পাবে ৩ কোটি ২১ লাখ টাকা। কারণ, সপ্তম ও অষ্টম স্থানে থাকা দুটি দলই পাবে ১ কোটি ৭০ লাখ টাকা করে।
এখন দুই গ্রুপের পয়েন্ট টেবিলের দিকে তাকানো যাক। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করা ভারত, নিউজিল্যান্ড প্রত্যেকেরই পয়েন্ট ৪। নেট রানরেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড। আর ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা দুই দলেরই পয়েন্ট ৩। এখানেও নেট রানরেটের হিসেবে গ্রুপে সবার ওপরে দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানের দুই ম্যাচে ২ পয়েন্ট। অন্যদিকে ইংল্যান্ড এখনো কোনো পয়েন্ট পায়নি। বাংলাদেশকে এখানে উপকার করতে পারে দক্ষিণ আফ্রিকা। কারণ, পরশু করাচিতে মুখোমুখি হবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা জিতলে ইংল্যান্ড শূন্য পয়েন্টেই টুর্নামেন্ট শেষ করবে। সেক্ষেত্রে বাংলাদেশ হবে ষষ্ঠ।
যদি বাংলাদেশ ৬ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করে, তাহলে ৫ কোটি ৭৪ লাখ টাকা নিয়ে দেশে ফিরবে। কারণ, ষষ্ঠ হওয়া দল পাবে ৪ কোটি ২৩ লাখ টাকা। সঙ্গে অংশগ্রহণ ফি হিসেবে দেড় কোটি টাকা তো থাকছেই। আকুওয়েদার বলছে, স্থানীয় সময় বেলা ৪টায় (বাংলাদেশ সময় বেলা ৫টা) বৃষ্টির সম্ভাবনা থাকবে ৪৯ শতাংশ। বাংলাদেশ সময় বিকেল ৪টা ১২ মিনিট পর্যন্ত খেলা মাঠে গড়ানো দূরে থাক, টসই হয়নি। অথচ ম্যাচটি বেলা ৩টায় শুরু হওয়ার কথা ছিল।
আইসিসি গত ১৪ ফেব্রুয়ারি এক মিডিয়া বিজ্ঞপ্তিতে ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফির অর্থ পুরস্কার ঘোষণা করেছে। টুর্নামেন্টের মোট অর্থ পুরস্কার ৬৯ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮৩ কোটি ৩৭ লাখ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার,যা ২৭ কোটি ৬ লাখ টাকা। রানার্সআপ দল পাচ্ছে ১১ লাখ ২২ হাজার ডলার (১৩ কোটি ৫৩ লাখ টাকা)। চ্যাম্পিয়ন, রানার্সআপ দল ফাইনাল ম্যাচের সঙ্গে গ্রুপ পর্বের প্রতি ম্যাচ জয়ের জন্যও বাড়তি টাকা পাবে।