জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুর রহমান ও তার স্ত্রী মির্জা নাহিদা হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই অভিযোগে আরও মামলা করা হয়েছে পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসসহ মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা শরিফ মাহমুদের বিরুদ্ধেও।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, ১ কোটি ৭২ লাখ ৭৬ হাজার ৪৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আবদুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। তার এবং তাঁর স্বার্থ সংশ্লিষ্টদের নামে মোট ১৯টি ব্যাংক হিসাবে ৩ হাজার ৮৯১ কোটি ৩২ লাখ ৯৪ হাজার ৭ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।
পাশাপাশি ৬ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৮৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আবদুর রহমানের স্ত্রী মির্জা নাহিদা হোসেনের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
অন্যদিকে ২ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৮২৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁর নামে থাকা ১৪টি ব্যাংক হিসাবে ৫ কোটি ৯০ লাখ ১৫ হাজার ৫৯০ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে বলে জানায় দুদক। একই অভিযোগে মামলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা মো. শরিফ মাহমুদের বিরুদ্ধেও।
আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আবদুর রহমান ২০০৮, ২০১৪ ও ২০২৪- এই তিন সাধারণ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নিজের আসনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ-বাণিজ্য, কাবিখা-কাবিটার টাকা আত্মসাৎ, টেন্ডারবাজিসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। ২০২৪ সালে আসনটি থেকে নির্বাচিত হলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তাকে।
এদিকে গত ৮ ফেব্রুয়ারি গুলশান থানায় করা কমার্স কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়েদকে হত্যাচেষ্টার মামলায় সাবেক কমিশনর ও পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ দিনের রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।