জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এর ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) এর নারী শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করেছে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) । আজ (১৬ এপ্রিল) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর সেমিনার হলে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর পরিচালক অধ্যাপক ড. আইরিন আক্তার। এ সময় আইবিএ-এর অধ্যাপক ড. কে. এম. জাহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক তাসনিমা আজিজা, সহযোগী অধ্যাপক সপ্তর্ষি ধর, সহকারী অধ্যাপক এস. এম. এ. মওদুদ আহমেদসহ ইন্সটিটিউটের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআইসিএমের সহকারী অধ্যাপক ও নারী বিনিয়োগকারী ও উদ্যোক্তা ক্রমবিকাশ কমিটির আহ্বায়ক কাশফীয়া শারমিন ও সহকারী অধ্যাপক এবং নারী বিনিয়োগকারী ও উদ্যোক্তা ক্রমবিকাশ কমিটির সদস্য ও সহকারী অধ্যাপক এস. এম. কালবীন ছালিমা বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামটির বিভিন্ন সেশন পরিচালনা করেন।
বিআইসিএম নিয়মিতভাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করে থাকে। নারী শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি ও বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে তাঁদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিআইসিএম-এর এ আয়োজন।
প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষার্থীদেরকে পুঁজিবাজারের প্রাথমিক ধারণা প্রদানের পাশাপাশি পুঁজিবাজারে ব্লক চেইন, ফিন টেক ও রোবোএডভাইজরীর ব্যবহারের উপর আলোকপাত করা হয়।