জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট-এর ‘অন্তরা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে আলাদা পরিচিতি পেয়েছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। দীর্ঘদিন ধরে শোবিজে থাকলেও এই চরিত্রের মাধ্যমেই তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে সর্বমহলে।
‘ব্যাচেলর পয়েন্ট’ ফ্র্যাঞ্চাইজির প্রথম চারটি সিজন ইতোমধ্যে প্রচারিত হয়েছে। এবার নির্মিত হচ্ছে পঞ্চম সিজন, যেখানে আবারও অন্তরার ভূমিকায় দেখা যাবে ফারিয়াকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন তিনি। জানান, খুব শিগগিরই ‘ব্যাচেলর ফাইভ’-এর শুটিংয়ে যোগ দেবেন।
সাক্ষাৎকারে তিনি ক্যারিয়ার, কাজের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়াও অভিনেত্রীদের আয়ের উৎস নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে খোলামেলা মন্তব্য করেন। ফারিয়া বললেন, অন্যদের মতো তার নিজের এখনও গাড়ি-বাড়ি নেই।
ফারিয়া শাহরিন বলেন, ‘মিডিয়াতে থাকলে আসলে টাকা কামানো যায়, এটা ভেরি ট্রু। কিন্তু বাংলো, গাড়ি বাড়ি- আমার আসলে এসব কিছুই নেই। আমার মতো যারা কম কাজ করেছে, বা খুব সততার সঙ্গে কাজ করেছে তাদের পক্ষে আসলে এত টাকা কামানো সম্ভব না, যদি না সুগার ড্যাডি থাকে।’
ফারিয়া শাহরিন আরও বলেন, ‘তাই আমার ক্ষেত্রে এ জন্য কোনো টাকা পয়সা নেই। আমার কোনো গাড়ি নেই, সারাজীবন বাপের গাড়িতে চড়েছি, আমার নিজের কোনো বাড়ি নেই। আর ভবিষ্যতেও কোনো সুগার ড্যাডি হওয়ার সম্ভাবনা একশো ভাগও নেই।’
ফারিয়া শাহরিনের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বাস্তবতা তুলে ধরায় অনেকেই তার বক্তব্যকে সাহসী বলেও অভিহিত করছেন।