সকালে কিছু সময় রোদ দেখা দিলেও রাজধানী ঢাকায় দিনের বেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (৩ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, এই সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়ার তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।
শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, আর রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় মাত্র ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
এদিকে, সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে কোনো সতর্কতা সংকেত নেই এবং নৌচলাচলে কোনো ঝুঁকিও নেই।