দেশজুড়ে ডেঙ্গুর ভয়াবহতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই পুরুষ।
অন্যদিকে, নতুন আক্রান্তদের মধ্যে ৩১১ জনই ঢাকার বাইরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
চলতি বছর (২০২৫) এখন পর্যন্ত মোট ৮৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এদের মধ্যে ৪৯ জন পুরুষ এবং ৩৭ জন নারী।
ডেঙ্গুতে সারাদেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৬৫ জন। আক্রান্তদের মধ্যে ১২ হাজার ৯৫০ জন পুরুষ এবং ৯ হাজার ১১৫ জন নারী।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং দ্রুত চিকিৎসা গ্রহণ অত্যন্ত জরুরি।