পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. ওমর ফারুক খান-কে নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার (৩ আগস্ট) তাকে নতুন এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (৪ আগস্ট) ইসলামী ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিজ্ঞতায় সমৃদ্ধ এক ব্যাংকার
মো. ওমর ফারুক খান এর আগে এনআরবি ব্যাংক পিএলসি-তে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন। ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ইসলামী ব্যাংকে তার কর্মজীবন শুরু হয়।
গত প্রায় চার দশক ধরে তিনি ব্যাংকের ট্রেজারি, ফরেন ট্রেড, করপোরেট ইনভেস্টমেন্টসহ প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ উইং, ডিভিশন, জোন ও শাখায় বিভিন্ন পদে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ-এর একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েট এবং দ্য লন্ডন ইনস্টিটিউট অব ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স কর্তৃক স্বীকৃত সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (CDCS)।
আন্তর্জাতিক অভিজ্ঞতা
তিনি আন্তর্জাতিক ব্যাংকিং ও ক্রেডিট ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ নিতে ভ্রমণ করেছেন সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, চীন, মালয়েশিয়া, কাতার, থাইল্যান্ড, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও নেপালসহ বহু দেশ।
মো. ওমর ফারুক খান ১৯৬৩ সালে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন।