বাংলাদেশের প্রতিটি বিভাগেই আগামী পাঁচ দিন টানা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৯টা থেকে আগামী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে।
এছাড়া কোথাও কোথাও মাঝারি থেকে ভারি এবং অতিভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় থাকায় এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানায় সংস্থাটি।
আগামী বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত প্রতিদিনই দেশের ভিন্ন ভিন্ন বিভাগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে কিছু এলাকায় নদ-নদীর পানি বেড়ে যেতে পারে এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধসেরও ঝুঁকি দেখা দিতে পারে।
এই সময়কালে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে সপ্তাহ শেষে সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।
এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায়—১০৬ মিমি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ২২.৪ ডিগ্রি।