ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর জন্য পে-রোল ব্যাংকিং সেবা প্রদান করবে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি ইএসডিওর প্রধান কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠান এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক ইএসডিওর কর্মীদের জন্য আধুনিক, নিরাপদ ও সুবিধাজনক বেতন ব্যবস্থাপনা নিশ্চিত করবে। পাশাপাশি, উভয় প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার পথও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
চুক্তিতে ইএসডিওর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রাইম ব্যাংক পিএলসির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস, ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড অব ব্রাঞ্চেস মো. আব্দুল হালিম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সেলিম ওয়াহেদ সিদ্দিকি, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ নূর আলম এবং ঠাকুরগাঁও শাখা প্রধান আবু ফারুক আহমেদ।