ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারি বা অতিভারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বেশ কিছু স্থানে বৃষ্টিপাতের পাশাপাশি দিন-রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানান, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান থেকে হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এবং মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বা বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে মাঝারি থেকে ভারি বা অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী কয়েকদিনের আবহাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শনিবার থেকে সোমবার পর্যন্ত দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের শেষে বৃষ্টির প্রবণতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।