যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনা বন্ধ করার খবরকে ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সংস্থাটি স্পষ্ট করেছে, ওয়াশিংটনের সঙ্গে চলমান সব অস্ত্র ও যুদ্ধবিমান ক্রয়প্রক্রিয়া নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগোচ্ছে এবং মার্কিন শুল্ক নীতি এতে কোনো প্রভাব ফেলেনি।
শুক্রবার (৮ আগস্ট) এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় ২০টি অস্ত্রচুক্তি বাস্তবায়নের পথে রয়েছে। অতিরিক্ত শুল্কের কারণে কোনো প্রকল্প বন্ধ বা স্থগিত হয়নি।
উল্লেখ্য, রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের পণ্যের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এর ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্য আমদানিতে ব্যবসায়ীদের ৫০ শতাংশ কর দিতে হচ্ছে। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, রাশিয়া এই তেল বিক্রির অর্থ ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে।
এদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছিল, অতিরিক্ত শুল্কের জেরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সম্ভাব্য ওয়াশিংটন সফর স্থগিত রাখা হয়েছে। তবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এ ধরনের কোনো স্থগিতাদেশ নেই, বরং সব পরিকল্পনা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী চলছে।