রোববার (১০ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে মূল্যসূচকের পতনের মধ্যেই লেনদেন সম্পন্ন হয়েছে। অধিকাংশ কোম্পানি ও ফান্ডের শেয়ার বা ইউনিটের দর কমে গেলেও, লেনদেনের পরিমাণ গত দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৭.০৩ পয়েন্ট কমে ৫,৩৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর সূচক ‘ডিএসইএস’ ৮.০৭ পয়েন্ট কমে ১,১৬২ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ৩১.০৫ পয়েন্ট কমে ২,০৬৬ পয়েন্টে অবস্থান করছে।
এই দিনে ডিএসইতে মোট ৭৬০ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৭০৬ কোটি ৪০ লাখ টাকার থেকে বেশি। মোট ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যার মধ্যে ১০৯টির দর বেড়েছে, ২৪৭টির কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।