ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচনী কমিশনের নিরপেক্ষতা নিয়ে চলমান বিক্ষোভের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ বিরোধী দলীয় সংসদ সদস্যদের পুলিশ আটক করেছে। সোমবার (১১ আগস্ট) পার্লামেন্ট ভবনের সামনে এই ঘটনা ঘটে।
বিক্ষোভস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, বিপুল সংখ্যক রাজনৈতিক নেতা ও কর্মীরা রাস্তায় বসে স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন। অনেককে পুলিশের ব্যারিকেডের সামনে ধাক্কাধাক্কি করতে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা গেছে।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে বিরোধী নেতারা অভিযোগ করেছেন, সরকার নির্বাচনী কমিশনের স্বাধীনতাকে প্রভাবিত করছে এবং তাদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করা হচ্ছে।
আটকের সময় রাহুল গান্ধী গণমাধ্যমকে বলেন, “বাস্তবতা হলো তারা কথা বলতে পারে না। এই লড়াই রাজনৈতিক নয়, সংবিধান বাঁচানোর লড়াই। আমরা চাই এক মানুষ, এক ভোটের নীতিমালা এবং পরিষ্কার, নির্ভুল ভোটার তালিকা।”