বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি (BGIC)-তে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (Additional Managing Director) হিসেবে যোগ দিয়েছেন রাশিদা বানু। তিনি ৩ আগস্ট ২০২৫ তারিখে এই পদে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
এর আগে রাশিদা বানু রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক (Deputy Managing Director) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উল্লেখযোগ্যভাবে, তার বীমা ক্যারিয়ার শুরু হয়েছিল ঠিক বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকেই।
রাশিদা বানু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব সোশ্যাল সায়েন্স (MSS) ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া, তিনি মালয়েশিয়ান ইন্স্যুরেন্স ইনস্টিটিউট থেকে ডিএমআইআই (DMII), লন্ডনের চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট থেকে এসিআইআই (ACII) ডিগ্রি লাভ করেন। তিনি যুক্তরাজ্যের সিআইআই (CII)-এর একজন চার্টার্ড বীমাবিদ এবং অস্ট্রেলিয়ার এএনজিআইএফ (ANZIIF)-এর সিনিয়র অ্যাসোসিয়েট (CIP) সদস্য।
এছাড়াও, তিনি সুইজারল্যান্ডের সুইস ইন্স্যুরেন্স ট্রেনিং সেন্টার থেকে নন-লাইফ ইন্স্যুরেন্স বিষয়ে উচ্চতর ও মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
তার আন্তর্জাতিক অভিজ্ঞতার মধ্যে রয়েছে যুক্তরাজ্য, মালয়েশিয়া, মালদ্বীপ, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় একাধিক সেমিনার এবং কর্মশালায় অংশগ্রহণ।