বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার (১২ আগস্ট) থেকে নতুন নকশার ১০০ টাকার নোট বাজারে আসবে। এ নোটে যুক্ত করা হয়েছে ১০টি বিশেষ নিরাপত্তা বৈশিষ্ট্য, যা জানলে সহজেই আসল ও নকল নোট চেনা যাবে।
নতুন নোটের সামনের অংশের ডানদিকের কোনায় থাকা ‘১০০’ লেখাটি রঙ পরিবর্তনশীল—নাড়ালে এটি সোনালি থেকে সবুজে বদলে যাবে। বাম পাশে রয়েছে লাল ও উজ্জ্বল রূপালি রঙের নিরাপত্তা সুতা, যা নড়াচড়ায় লাল থেকে সবুজে রঙ পাল্টাবে।
এতে আরও আছে তিনটি ছোট বৃত্ত, যা হাতের স্পর্শে অসমতল অনুভূত হবে। গভর্নরের স্বাক্ষরের ডানপাশে রয়েছে অদৃশ্য ‘১০০’ লেখা, যা শুধু আলোর বিপরীতে ধরলেই দেখা যাবে।
বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক নুরুন্নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নোটটি “বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য” শীর্ষক নতুন নকশা ও সিরিজের অংশ।
এই সিরিজে আরও আসছে ৫০০, ২০০, ১০, ৫ ও ২ টাকার নোট। এর আগে বাজারে এসেছে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট।
দৃশ্যপটেও এসেছে পরিবর্তন—নতুন ১০০ টাকার নোটের বাম পাশে রয়েছে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের ছবি, মাঝখানে পাতা ও কলিসহ প্রস্ফুটিত শাপলা, আর পেছনে সুন্দরবনের মনোরম দৃশ্য। জলছাপে যুক্ত হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, যা সৌন্দর্যের পাশাপাশি নিরাপত্তাও নিশ্চিত করবে।