ভোলা জেলার মনপুরা উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকদিন ধরে ভর্তি রয়েছেন এক অসহায় ও পরিচয়হীন বৃদ্ধা। তিনি বর্তমানে সম্পূর্ণ একা, তার কোনো পরিবার কিংবা আত্মীয়-স্বজনের কোনো খোঁজ পাওয়া যায়নি এখনো পর্যন্ত।
এই হৃদয়বিদারক চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তা নজরে আসে মনপুরা উপজেলা যুব রেড ক্রিসেন্ট পরিবারের। খবর পাওয়ার পরপরই সংগঠনের সদস্যরা মানবিক সহায়তা নিয়ে ছুটে যান হাসপাতালে ভর্তি বৃদ্ধার পাশে। তার শারীরিক অবস্থা দেখে তারা মর্মাহত হন।
রেড ক্রিসেন্টের পক্ষ থেকে দেওয়া হয় মৌলিক প্রয়োজনীয় কিছু উপহার ও সান্ত্বনার বার্তা। তবে বৃদ্ধার শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রয়োজন পর্যাপ্ত চিকিৎসা ও একটি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা।
মনপুরা যুব রেড ক্রিসেন্ট এর এক সদস্য বলেন, “এই বৃদ্ধা আমাদের মা-ঠাকুরমার বয়সী। তিনি যেন চিকিৎসা ও মানবিক সহায়তা থেকে বঞ্চিত না হন, সেজন্য আমরা যার যার জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”
বিষয়টি প্রশাসনের নজরে আনার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও বিত্তবানদের প্রতি অনুরোধ—এই অসহায় নারী যেন বাকি জীবনটা সম্মানের সঙ্গে কাটাতে পারেন, সেই উদ্যোগ নেওয়া হোক এখনই।