বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনে (বাফা) বাণিজ্য মন্ত্রণালয় নিযুক্ত প্রশাসককে অবিলম্বে অপসারণ এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত পরিচালনা পর্ষদ পুনর্বহালের দাবি জানিয়েছেন সাধারণ সদস্যরা।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, সাত কর্মদিবসের মধ্যে দাবি মানা না হলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবাদ কর্মসূচি এবং প্রয়োজনে কর্মবিরতি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফার সাবেক সভাপতি কবির আহমেদ, সাধারণ সদস্য বেলায়েত, কামাল আহমেদ, আজিজুর রহমান মজুমদার, নুরুদ্দীন, জন এন মন্ডল ও সাইফুল আলম।
লিখিত বক্তব্যে জানানো হয়, বাফা দেশের আমদানি-রপ্তানির প্রায় শতভাগ কার্যক্রম পরিচালনা করে থাকে এবং এর ১,১৮৮ সদস্য কাস্টমস, বন্দর, বাংলাদেশ ব্যাংক, শিপিং লাইন ও এয়ারলাইনের সঙ্গে সরাসরি কাজ করে। গত জুনে বাণিজ্য মন্ত্রণালয় নির্বাচিত পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ দেয়, যা সংগঠন ও খাতের জন্য ক্ষতিকর বলে দাবি করেন তারা।
সদস্যদের অভিযোগ, ৭০ দিন পেরিয়ে গেলেও নির্বাচন তফসিল ঘোষণা হয়নি। বরং প্রশাসক দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ সময় বিদেশে ছিলেন এবং এখতিয়ারবহির্ভূত কিছু সিদ্ধান্ত নিয়েছেন।
তারা জানান, অগ্রিম আয়কর, টার্নওভার ট্যাক্স, চট্টগ্রাম বন্দরের ট্যারিফ ও হ্যান্ডলিং চার্জ বৃদ্ধি, আইজি/ইজিএম জটিলতার মতো সংকটে অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন; কিন্তু একজন অদক্ষ প্রশাসক কার্যক্রম ব্যাহত করছেন।
এছাড়া, ২০২২ সালের বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী পরিচালনা পর্ষদ বিলুপ্তির আগে লিখিত নোটিশ ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তা লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেন সদস্যরা।