দুইটি পৃথক হত্যাচেষ্টা মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শমী কায়সার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
অতিরিক্ত কারা মহাপরিদর্শক (প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, “শমী কায়সারের বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়েছে।”
এর আগে, গত ৫ নভেম্বর রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে উত্তরা পূর্ব থানায় দায়ের করা দুটি পৃথক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গত ১০ আগস্ট হাইকোর্টের বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ জুবায়ের হাসান ইউসুফ হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারকে জামিন প্রদান করেন। উভয় মামলায় জামিন পাওয়ার পর এবং অন্য কোনো মামলা না থাকায় আদালতের আদেশ অনুসারে বৃহস্পতিবার রাতে তার মুক্তি নিশ্চিত হয়।