মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের মধ্যেও ভারতের অর্থনীতির জন্য আশার আলো দেখা দিয়েছে। আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবাল ১৮ বছর পর ভারতের সার্বভৌম ঋণমান বিবিবি মাইনাস থেকে উন্নীত করে বিবিবি করেছে।
সংস্থাটি জানিয়েছে, ভারতের অর্থনৈতিক পরিস্থিতি ভবিষ্যতে স্থিতিশীল থাকবে এবং পরিস্থিতি অনুকূলে থাকলে ঋণমান আরও বাড়তে পারে। এসঅ্যান্ডপি গ্লোবালের পরিচালক ই ফ্যাম ফুয়া উল্লেখ করেছেন, ভারতের আর্থিক ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমলে বা কেন্দ্রীয় সরকারের নিট ঋণ জিডিপির ৬ শতাংশের নিচে নামলে ঋণমান আরও বাড়ানো সম্ভব।
গত ফেব্রুয়ারিতে বাজেট উপস্থাপনকালে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, ২০২৫ অর্থবছরে রাজস্ব ঘাটতি জিডিপির ৪.৮ শতাংশ থেকে কমিয়ে ২০২৬ সালে ৪.৪ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
এসঅ্যান্ডপি গ্লোবাল মনে করে, মার্কিন শুল্ক ভারতীয় অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে না। সংস্থাটি বলেছে, ভারতের অর্থনীতির ৬০ শতাংশই ঘরোয়া ভোক্তাদের ওপর নির্ভরশীল। ফলে যুক্তরাষ্ট্র ভারতের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার হলেও, ৫০ শতাংশ শুল্ক ভারতের প্রবৃদ্ধিকে বড় ধাক্কা দিতে পারবে না।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারত আর্থিক খাতের সংহতকরণ, অবকাঠামো উন্নয়ন এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্ব দিচ্ছে। যার ফলে ঋণ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়েছে।
২০২২ থেকে ২০২৪ অর্থবছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার গড়ে ৮.৮ শতাংশ, যা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে সর্বোচ্চ। এসঅ্যান্ডপি আশাবাদ ব্যক্ত করেছে, আগামী কয়েক বছরেও ভারতের অর্থনীতি বার্ষিক ৬.৮ শতাংশ হারে বৃদ্ধি পাবে।
২০২৪ সালের মে মাসে ভারতের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ‘ইতিবাচক’ ঘোষণা করা হয়। সংস্থাটি জানায়, ঋণমান উন্নয়নের প্রধান কারণ হলো শক্তিশালী প্রবৃদ্ধি, সরকারি ব্যয়ের মানোন্নয়ন এবং রাজস্ব শৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি।
তবে সংস্থাটি সতর্ক করেছে, রাজনৈতিক অঙ্গীকার দুর্বল হলে বা কাঠামোগতভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হলে ঋণের টেকসই অবস্থা ব্যাহত হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। এরপর রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার কারণে আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়। মোট শুল্ক দাঁড়ায় ৫০ শতাংশে। তবে এসঅ্যান্ডপি গ্লোবালের মতে, ভারত এই চাপ সামাল দিতে সক্ষম এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাও অব্যাহত থাকবে।