চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), আইএফএ কনসালটেন্সি লিমিটেড এবং আদল অ্যাডভাইজরি, মালয়েশিয়া-ভিত্তিক আন্তর্জাতিক শরীয়াহ পরামর্শক সংস্থার মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সিএসই-এর ঢাকা অফিসে।
রবিবার (১৭ আগস্ট) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো শরীয়াহ-সম্মত আর্থিক পণ্য ও সেবার প্রসার এবং বাংলাদেশের মূলধন বাজারে একটি শরীয়াহ-সম্মত প্ল্যাটফর্ম গড়ে তোলা। এর মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ইসলামী অর্থায়ন এবং হালাল বিনিয়োগকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছে।
সমঝোতা স্মারকের আওতায় অন্তর্ভুক্ত রয়েছে –
সিএসই-এর জন্য শরীয়াহ ইনডেক্স তৈরীর পরামর্শ সেবা,
মালয়েশিয়ার নিয়ন্ত্রক সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সাথে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়,
শরীয়াহ-সম্মত নতুন পণ্য ও প্ল্যাটফর্ম উন্নয়ন,
ফিনটেক খাতে শরীয়াহভিত্তিক পরামর্শ, যার মধ্যে ক্রাউডফান্ডিং, রোবো-অ্যাডভাইজরি এবং ডিজিটাল সম্পদ অন্তর্ভুক্ত।
উক্ত অনুষ্ঠানে সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুর রহমান মজুমদার উল্লেখ করেন, ভবিষ্যতে কমোডিটি মার্কেট, পৃথক ইসলামিক মূলধ বাজার, শরীয়াহ-সম্মত রিইটস (REITs) এবং বিভিন্ন ইসলামিক ফান্ড, বিশেষত ইসলামিক ক্রাউডফান্ডিং চালুর পরিকল্পনা রয়েছে। আইএফএ কনসালটেন্সি এবং আদল অ্যাডভাইজরির প্রতিনিধিরা এসব উদ্যোগে শরীয়াহ-সম্মত সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেন।
সিএসই-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মোঃ সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, আইএফএ কনসালটেন্সি লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন মুফতি আবদুল্লাহ মাসুম, সিএসএএ, এবং আদল অ্যাডভাইজরির পক্ষে স্বাক্ষর করেন মুফতি ড. ইউসুফ সুলতান।
এই সমঝোতা স্মারক বাংলাদেশের মূলধন বাজারে শরীয়াহ-সম্মত আর্থিক খাতকে শক্তিশালী করা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।