আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগের পাশাপাশি ভারতের হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম ও ত্রিপুরায় আগামী ২৪ আগস্ট পর্যন্ত ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞরা বলেছেন, কিছু এলাকায় ২০০ থেকে ২৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই কারণে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ১০টি জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে এক বিশেষ বার্তায় এ তথ্য জানিয়েছে।
উত্তরাঞ্চলের অবস্থা:
২০ থেকে ২২ আগস্টের মধ্যে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে নীলফামারী ও লালমনিরহাট জেলায় সতর্কসীমার ওপর প্রবাহিত হতে পারে। নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ-পূর্বাঞ্চলের অবস্থা:
২১ থেকে ২৪ আগস্টের মধ্যে ফেনী, মুহুরী, সিলোনিয়া, হালদা, সাঙ্গু, মাতামুহুরী, নোয়াখালী খাল ও রহমতখালি খাল নদীর পানি বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হবে। এতে ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
উত্তর-পূর্বাঞ্চলের অবস্থা:
সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, লোভাছড়া, জাদুকাটা ও ঝালুখালি নদীর পানি একই সময়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। ফলে নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবনের ঝুঁকিতে রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসন নাগরিকদের সতর্ক থাকার জন্য পূর্বাভাস অনুযায়ী প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।