সাউথইস্ট ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর আয়োজনে “মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যক্রমের অর্থায়ন প্রতিরোধ” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। এই কর্মশালায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (২০ আগস্ট) ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ’র পরিচালক মোঃ মোস্তাকুর রহমান। সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আমিন, এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ক্যামেলকো খোরশেদ আলম চৌধুরী।
নারায়ণগঞ্জ জেলার ৫৩টি তফসিলি ব্যাংকের ১৩০-এর অধিক কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশ নেন। বিএফআইইউ’র রিসোর্স পার্সনরা পরিচালিত ৪টি প্রাঞ্জল ও অংশগ্রহণমূলক সেশনে অংশগ্রহণকারীরা মানি লন্ডারিং এবং সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন। সেশনগুলো পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক মোঃ রেজওয়ানুর রহমান, পরিচালক মোঃ হাফিজুর রহমান খান এবং যুগ্ম পরিচালক আ.ন.ম কলিম উদ্দিন হাসান তুষার।
প্রশিক্ষণ কর্মশালার শেষ অংশে অনুষ্ঠিত হয় একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা, যেখানে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয় এবং অংশগ্রহণকারীদের সকলকে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
কর্মশালার মূল লক্ষ্য ছিল ব্যাংকিং কর্মকর্তাদের মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যক্রমের অর্থায়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং এই ধরনের অপরাধ প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধি করা।