ঢাকা, ২১ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার): দেশের ব্যবসায়িক কার্যক্রমকে গতিশীল রাখতে ব্যাংক খাতে বড় ধরনের নীতি পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।
এবার থেকে অভ্যন্তরীণ ঋণ ঝুঁকি রেটিং সিস্টেমস (আইসিআরআরএস) বাস্তবায়ন ছাড়াই ব্যাংকগুলো গ্রাহকদের ঋণ বা বিনিয়োগ বিতরণ করতে পারবে। তবে এ ক্ষেত্রে ব্যাংকগুলোকে নিজেদের বিবেচনায় ঝুঁকি নিরূপণ করে ব্যাংকের স্বার্থ রক্ষার শর্তে ঋণ ছাড় করতে হবে।
এর আগে বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারের মাধ্যমে ঋণ ও বিনিয়োগ বিতরণের ক্ষেত্রে আইসিআরআরএস বাধ্যতামূলক করা হয়েছিল। কিন্তু নতুন সিদ্ধান্তে সেই বাধ্যবাধকতা শিথিল করা হলো। বুধবার বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়। নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
সূত্র জানিয়েছে, আইসিআরআরএস অনুযায়ী ঝুঁকি নিরূপণ করতে গেলে বিশেষ অডিট করাতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। ফলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এ প্রক্রিয়া বড় বাধা হয়ে দাঁড়ায়। তাদের সুযোগ-সুবিধার কথা বিবেচনা করেই বাংলাদেশ ব্যাংক এই ছাড় দিয়েছে।
সার্কুলারে আরও বলা হয়েছে, ঋণ বিতরণের ক্ষেত্রে ব্যাংকগুলোকে নিজেদের অভ্যন্তরীণ ঋণ নীতিমালার আওতায় ঝুঁকি নিরূপণ করে মোকাবেলার কৌশল নিতে হবে। গ্রাহকের নগদ অর্থ প্রবাহ (Cash Flow) বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে। একইসঙ্গে পর্যাপ্ত জামানত গ্রহণ, ব্যবসার গতিবিধি পর্যবেক্ষণ ও ব্যাংকের অভ্যন্তরীণ তদারকি জোরদার করতে হবে।
এছাড়া, ঋণ বা বিনিয়োগ অনুমোদনের আগে ঝুঁকি মূল্যায়নে যেসব সূচক ব্যবহার করা হবে তা স্পষ্টভাবে উল্লেখ রাখতে হবে মূল্যায়ন প্রতিবেদনে। ঋণ ছাড় করার আগে ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক আরোপিত শর্তাবলী কঠোরভাবে অনুসরণ করতে হবে।