সিলেট, ২১ আগস্ট ২০২৫: সিলেট জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সারওয়ার আলম। বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিটে জেলা প্রশাসক কার্যালয়ে এসে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
সারওয়ার আলমকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা। এসময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দায়িত্ব গ্রহণের পর তিনি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন।
জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার আগে সারওয়ার আলম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে প্রশংসিত ছিলেন। তিনি ২০২০ সালের ৯ নভেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি হন। তিনবার বঞ্চিত হওয়ার পর ১৪ আগস্ট উপসচিব পদে পদোন্নতি পান এবং এবার সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পান।