দেশের বিভিন্ন অঞ্চলে টানা ১০ দিন পর্যন্ত ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির তথ্যমতে, মৌসুমী বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
আগামী পাঁচ দিনের বিস্তারিত পূর্বাভাস
শুক্রবার (২২ আগস্ট) থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে। একই সময়ে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায়ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার একই ধারা বজায় থাকবে। রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বাকি অংশেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রোববার থেকে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় ভারি বৃষ্টিপাত হতে পারে। ঢাকাসহ দেশের অন্যান্য জায়গায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
সোমবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। ঢাকাসহ দক্ষিণাঞ্চলের কিছু কিছু জায়গায়ও বৃষ্টিপাতের প্রবণতা থাকবে।
মঙ্গলবার ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রংপুর, রাজশাহী ও সিলেটের কয়েকটি জায়গায়ও বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।