বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) আয়োজিত রিসার্চ সেমিনার-৪৭ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে। এবারের সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার ইনসিফ বিশ্ববিদ্যালয়ের ইসরা ইন্সটিটিউটের রিসার্চ ফেলো জনাব মেজবাহ উদ্দিন আহমেদ। প্রবন্ধের বিষয় ছিল— “Alternative Sukuk Structures to Finance Development Projects Without Raising Debt”।
সেমিনারটি সভাপতিত্ব করেন ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) নাজমুছ সালেহীন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ইশতেকমাল হোসাইন এবং ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স (আইএফবিআই) প্রোগ্রামের পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. আব্দুর রহমান।
প্রবন্ধ উপস্থাপন শেষে আলোচকগণ সুকুক ভিত্তিক ফাইন্যান্সিংয়ের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারটি সঞ্চালনা করেন বিআইসিএম-এর সহযোগী অধ্যাপক (চলতি দায়িত্ব) ফয়সাল আহমেদ খান।
উপস্থাপিত প্রবন্ধের সহ-লেখক হিসেবে যুক্ত ছিলেন ইনসিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওবিয়াতুল্লাহ ইসমাত বাচা, ইসরা ইন্সটিটিউটের ডেপুটি প্রেসিডেন্ট (রিসার্চ) ড. মারজান মুহাম্মাদ এবং সিনিয়র রিসার্চ ফেলো ড. নূর সুহাইদা কাসরী।
বিআইসিএম নিয়মিতভাবে অভ্যন্তরীণ গবেষকদের গবেষণার মানোন্নয়নের জন্য রিসার্চ সেমিনার আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় আয়োজিত এই সেমিনারে বিআইসিএম-এর অনুষদ সদস্য, কর্মকর্তা এবং সুকুক মার্কেট ডেভেলপমেন্টের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।