মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, দেশের ৯টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চল হলো—ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়—রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
রোববার (২৪ আগস্ট) থেকে বুধবার (২৭ আগস্ট) পর্যন্ত প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার এবং সোমবার মাঝারি ধরনের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও মঙ্গলবার ও বুধবার তা আরও বাড়তে পারে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সোমবার থেকে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে এবং সপ্তাহের মাঝামাঝি সময়ে তা আরও তীব্র আকার ধারণ করতে পারে।