ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির সম্প্রতি নিজ জন্মস্থান বরিশালে নাটকের শুটিং করেছেন। পরিচিত পরিবেশে শুটিং করার অভিজ্ঞতা তাকে ভীষণ আনন্দ দিয়েছে। তবে রাজধানীতে ফেরার পর তিনি আর কোনো শুটিংয়ে অংশ নেননি। কারণ, বর্তমানে প্রাপ্ত বেশিরভাগ গল্পই তাকে আকর্ষণ করছে না।

সাফা কবির বলেন, “এখন যে গল্পগুলো আসছে, সেগুলোর অধিকাংশই একই ধাঁচের। মূলত থ্রিলার বা সাসপেন্স ঘরানার। কিন্তু আমি চাই ভিন্নধর্মী বা নতুনত্বপূর্ণ গল্পে কাজ করতে। তাই আপাতত কিছুটা বিরতিতে আছি। ভালো কোনো গল্প না পাওয়া পর্যন্ত নতুন কাজে নামব না।”
তিনি উল্লেখ করেন, তার অভিনীত ‘সন্ধি’ এবং ‘কেন এই সঙ্গতা’ নাটকগুলো দর্শকের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে। সেই অভিজ্ঞতা আবারও পেতে চান। তাই এখন অপেক্ষায় আছেন একদম নিজের মতো কোনো চরিত্র বা চ্যালেঞ্জিং গল্পের।

শুটিং না থাকলেও সাফা সময় কাটাচ্ছেন অভিনয়ের অনুশীলনে। নিজের ভাষায়, “আমি এখনো আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় করি। অন্য শিল্পীদের চরিত্র নিয়ে ভাবি, কল্পনা করি আমি করলে কেমন হতো। শেখার তো কোনো শেষ নেই।”
এছাড়া সিনেমা দেখা, গল্প পড়া এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো—সব মিলিয়ে ব্যস্ত সময় যাচ্ছে তার। সম্প্রতি বন্ধু তৌসিফ মাহবুব ও মুমতাহিনা টয়া-এর সঙ্গে ভৌতিক সিনেমা ‘উইপেনস’ দেখতে গিয়েছিলেন, নিজেদের ভয় জয় করার জন্য।

বন্ধুত্বের প্রসঙ্গে তৌসিফ মাহবুবকে উল্লেখ করে সাফা বলেন, “তৌসিফ সত্যিই সাহসী। সাপকে ভয় পেলেও ‘খোয়াবনামা’ নাটকের জন্য জ্যান্ত সাপের সঙ্গে শুট করেছে। শিল্পীদের জীবনটাই ভিন্ন—অ্যাকশন আর কাটের মাঝখানের সময়টা যেন আলাদা এক জগত।”
গেল বছর সিয়াম আহমেদের সঙ্গে ওয়েব ফিল্ম ‘টিকিট’ এ দেখা গিয়েছিল তাকে। চরিত্রের জটিলতা তাকে ভীষণ চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। তবে এরপর সঠিক গল্পের অভাবে আর কোনো ওটিটি কাজ করেননি।
বড় পর্দার প্রসঙ্গে তিনি বলেন, “আমি চাই সিনেমায় কাজ করতে। তবে মাল্টিকাস্ট নয়, একক কোনো শক্তিশালী চরিত্রে, যেখানে নতুনভাবে নিজেকে উপস্থাপন করতে পারব। আমি এখন সম্পূর্ণ প্রস্তুত।”
সম্প্রতি জাহিদ হাসান অভিনীত ‘উৎসব’ সিনেমা দেখে মুগ্ধ হয়েছেন তিনি। সুযোগ পেলে শাকিব খান, সিয়াম বা শরিফুল রাজের সঙ্গেও কাজ করতে চান বলে জানান।