চলতি আগস্ট মাসের প্রথম ২৩ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১.৭৪ বিলিয়ন মার্কিন ডলার (১৭৪ কোটি ৮৬ লাখ ডলার)। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার ৩৩৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
রোববার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো এই রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর পদক্ষেপ, রেমিট্যান্স প্রণোদনা এবং ব্যাংকিং খাতের আধুনিকায়নের কারণে প্রবাসী আয় ক্রমাগত বাড়ছে।
চলতি মাসের বাকি দিনগুলোতেও একই প্রবাহ বজায় থাকলে আগস্ট শেষে রেমিট্যান্স প্রায় ২.৫ বিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে।
এর আগে জুলাই মাসে প্রবাসী আয় এসেছিল ২৪৮ কোটি ডলার (প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা)।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স এসেছে ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩.৭৪ বিলিয়ন ডলার।