সৌদি আরবে আইন অমান্যকারী প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ১৪ থেকে ২০ আগস্ট পর্যন্ত মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ২২ হাজার ২২২ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে গালফ নিউজ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে সর্বাধিক আবাসন আইন ভঙ্গের অভিযোগে ১৩ হাজার ৫৫১ জনকে আটক করা হয়েছে। এছাড়া সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ৬৬৫ জন এবং শ্রম আইন ভঙ্গের কারণে ৪ হাজার ৬ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে দেখা যায়, অনেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছে। এর মধ্যে ১ হাজার ৭৮৬ জন প্রবাসীকে সীমান্তে আটক করা হয়।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে প্রায় ২০ হাজার প্রবাসীকে নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য। এর মধ্যে ১২ হাজার ৯২০ জনকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
শুধু তাই নয়, যারা অবৈধ প্রবাসীদের আশ্রয়, পরিবহন বা সহায়তা দিয়েছে, তাদের মধ্যে ১৮ জন সৌদিতে বসবাসরত স্থানীয় ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।
বর্তমানে সৌদি আরবে মোট ২৫ হাজার ৯২১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে ২৩ হাজার ৪১৯ জন পুরুষ এবং ২ হাজার ৫০২ জন নারী।
সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষ বসবাস করছে, যাদের একটি বড় অংশই বিদেশি শ্রমিক। শ্রমবাজারে শৃঙ্খলা ফেরাতে দেশটি নিয়মিত এ ধরনের অভিযান চালিয়ে থাকে।