ইন্দোনেশিয়ায় শ্রমজীবীদের কম মজুরি ও সরকারি কর্মকর্তাদের বিলাসবহুল জীবনযাপনের প্রতিবাদে চলছে তীব্র বিক্ষোভ। শুক্রবার (২৯ আগস্ট) রাজধানী জাকার্তা এবং সুলাওয়েসি প্রদেশসহ বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পুলিশের গাড়িচাপায় এক বিক্ষোভকারী নিহত হন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
সুলাওয়েসি প্রদেশের আঞ্চলিক সংসদ ভবনে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেন। এতে অন্তত তিনজন নিহত ও পাঁচজন আহত হন। আহতদের মধ্যে দুজন ভবন থেকে লাফ দেওয়ার কারণে গুরুতর আহত হয়েছেন।
জাকার্তায় বৃহস্পতিবার শ্রমজীবী ও সাধারণ নাগরিকরা সংসদ ভবনের বাইরে আন্দোলন শুরু করেন। তারা সংসদ সদস্যদের বেতন বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, শিক্ষা বাজেট ও সরকারি স্কুল মিল কর্মসূচির প্রতি অসন্তোষ প্রকাশ করেন। শুক্রবার বিক্ষোভ সহিংস আকার নেয়; পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিক্ষোভকারীদের ওপর গাড়ি চালায়, যার ফলে ঘটনাস্থলেই একজন নিহত হন।
প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো নিহত বিক্ষোভকারী ও তার পরিবারের প্রতি শোক জানান এবং পুলিশ কর্মকর্তাদের অতিরিক্ত কার্যক্রমের জন্য হতাশা প্রকাশ করেন। তিনি পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, জাকার্তায় বিচ্ছিন্নভাবে লুটপাট ও পরিবহন অবকাঠামোর ক্ষতি হয়েছে। বান্দুং ও জগজাকার্তা শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শনিবার জাকার্তার মেট্রোরেল এবং প্রাদেশিক মালিকানাধীন ট্রান্সজাকার্তা বাস সার্ভিস সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে নিরাপত্তার কারণে।