জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঘোষণা দিয়েছে—যাঁরা নিয়মিত আয়কর রিটার্ন দিচ্ছেন না, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএনধারী) যেসব ব্যক্তি আয়, ব্যয় ও সম্পদের হিসাব দেখাচ্ছেন না, তাঁদের তালিকা করে নোটিশ পাঠানো হবে। প্রয়োজনে সরেজমিন তদন্ত করে আইন অনুসারে কর আদায় করা হবে।
এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি কর অঞ্চলকে কর ফাঁকি রোধে গোয়েন্দা কার্যক্রম জোরদার করতে হবে। পাশাপাশি প্রতি মাসের রাজস্ব সভায় এসব কার্যক্রমের অগ্রগতি ও তথ্য-উপাত্ত উপস্থাপন করতে হবে। গত বৃহস্পতিবারের রাজস্ব সভায় এ সিদ্ধান্ত হয়।
বর্তমানে দেশে প্রায় ১ কোটি ১২ লাখ টিআইএনধারী রয়েছেন। কিন্তু তাঁদের মধ্যে মাত্র ৪০ থেকে ৪২ লাখ নিয়মিত আয়কর রিটার্ন দেন। এনবিআর বলছে, সবার জন্য রিটার্ন দেওয়া বাধ্যতামূলক নয়। তবে যাদের বার্ষিক আয় সাড়ে তিন লাখ টাকার বেশি, তাঁদের অবশ্যই আয়কর রিটার্ন জমা দিতে হবে।
এ বিষয়ে এনবিআরের কর্মকর্তারা মনে করছেন, এই উদ্যোগ কার্যকর হলে রাজস্ব আয় বাড়বে এবং কর ফাঁকি অনেকটাই রোধ হবে।