পাঞ্জাবের ভয়াবহ বন্যার মধ্যে এক তরুণী প্রতিবেদক মেহরুন্নিসার অনন্য ধরনের লাইভ প্রতিবেদন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মেহরুন্নিসা দুলতে থাকা নৌকা থেকে সরাসরি প্রতিবেদন দিচ্ছেন। শুরুতে তিনি সজাগ কণ্ঠে বলেন, “যেমন দেখতে পাচ্ছেন, পানির চাপ বেড়ে যাচ্ছে।”
কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তিনি ভয় পেয়েই চিৎকার করে ওঠেন, “বেশি ভয় লাগছে, কখনও এই পাশে যায়, কখনও ওই পাশে যায়—আমাদের ব্যালান্স হচ্ছে না।” ভিডিওর শেষে তিনি দর্শকদের কাছে দোয়ার অনুরোধ জানান।
প্রথমে অনেকেই ধরে নেন, তিনি বিবিসি উর্দুর সাংবাদিক। কারণ তাঁর হাতে থাকা মাইকের লোগোতে লেখা ছিল ‘বিবিসি উর্দু’। পরে জানা যায়, তিনি আসলে ভাই ভাই চ্যানেল-এর জন্য কাজ করছিলেন।
ভিডিও ছড়িয়ে পড়ার পর বিবিসি উর্দু একটি অফিসিয়াল বিবৃতি দেয়। সেখানে বলা হয়, “পাকিস্তানে বিবিসি উর্দু নিউজ পাঞ্জাব টিভি নামে একটি ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠান কাজ করছে। তারা বেআইনিভাবে বিবিসির নাম ব্যবহার করছে। বিবিসির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আমরা কাউকেই আমাদের নাম ব্যবহার করার অনুমতি দিইনি।” সংস্থাটি দর্শকদের সতর্ক করে বলে, “বিবিসির নামে কোনো কনটেন্ট দেখলে প্রথমে যাচাই করুন যে এটি সরকারি প্ল্যাটফর্মে আছে কি না।”
মেহরুন্নিসা অবশ্য নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, “মানুষ বলছে আমরা বিবিসি কপি করেছি। কিন্তু আমরা করিনি। তাদের বিবিসি মানে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন, আর আমাদের বিবিসি মানে ভাই ভাই চ্যানেল।”
বিবিসি কপিরাইট অভিযোগের কারণে মেহরুন্নিসার ইউটিউব ও টিকটক অ্যাকাউন্টও বন্ধ হয়ে গেছে। তিনি জিও নিউজকে বলেন, “আমাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা লাহোরভিত্তিক ছোট একটি চ্যানেল। আমরা কঠোর পরিশ্রম করি এবং আমাদের সঙ্গে বিবিসির কোনো প্রতিযোগিতা নেই। দয়া করে আমাদের অ্যাকাউন্টগুলো ফিরিয়ে দিন।”