মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম রোববার সকালে চার দিনের সরকারি সফরের উদ্দেশ্যে চীনের পথে রওনা হয়েছেন। চীনা রাষ্ট্রপতি শি জিনপিং-এর আমন্ত্রণে ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এই সফরে অংশ নিচ্ছেন তিনি। সফরের মূল উদ্দেশ্য হলো মালয়েশিয়া ও চীনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করা।
প্রধানমন্ত্রী আনোয়ার সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন। মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল বলেন, এই সফর বৃহত্তম বাণিজ্যিক অংশীদারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।
সফরের সঙ্গে আনোয়ারের স্ত্রী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল, পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ হাসান, বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী টেংকু দাতুক সেরি জাফরুল টেংকু আব্দুল আজিজসহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য রয়েছেন।
আগামী সোমবার আনোয়ার এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এটি প্রথমবার মালয়েশিয়ার কোনো নেতা উচ্চ পর্যায়ের এই সমাবেশে আমন্ত্রিত হচ্ছেন। ১ সেপ্টেম্বর তিনি এসসিও প্লাস সম্মেলনে ভাষণ দেবেন।
বেইজিংয়ে তিনি রাষ্ট্রপতি শি জিনপিং-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করবেন। এছাড়া লি কিয়াং দেওয়ুতাই রাষ্ট্রীয় অতিথিশালায় আনোয়ারের সম্মানে নৈশভোজ আয়োজন করবেন।
সফরের ফাঁকে প্রধানমন্ত্রী মালয়েশিয়া-চীন ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে বৈঠকেও অংশ নেবেন। চীন ২০০৯ সাল থেকে টানা ১৬ বছর মালয়েশিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ২০২৪ সালে দুই দেশের মোট বাণিজ্য ৪৮৪.১২ বিলিয়ন রিঙ্গিত, যা মালয়েশিয়ার বৈশ্বিক বাণিজ্যের ১৬.৮%।