আধুনিক যুগের প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রের জন্য শিক্ষার্থীদের আরও কার্যকরভাবে প্রস্তুত করতে সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) একটি গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করে। গত ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এ কর্মশালার শিরোনাম ছিল ‘সাপ্লাই চেইন মাইন্ডসেট ইন এডুকেশন অ্যান্ড সোসাইটি লস’।
কর্মশালায় মূল বক্তা ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য এবং সাপ্লাই চেইন ব্যবস্থাপনার আন্তর্জাতিক বিশেষজ্ঞ অধ্যাপক ড. শামস রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।
ড. শামস রহমান তাঁর বক্তব্যে শিক্ষা ব্যবস্থাকে একটি পূর্ণাঙ্গ সাপ্লাই চেইন মডেল হিসেবে উপস্থাপন করেন। তিনি ব্যাখ্যা করেন, পাঠ্যক্রম তৈরি থেকে শুরু করে শিক্ষার্থীর দক্ষতা উন্নয়ন পর্যন্ত প্রতিটি ধাপে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করলে তা শুধু শিক্ষা কার্যক্রমকেই সমৃদ্ধ করবে না, বরং শিক্ষার্থীদের চাকরির বাজারে প্রতিযোগিতামূলক করে তুলবে। তার মতে, এই প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়গুলো হবে এমন এক প্রতিষ্ঠান, যেখান থেকে দক্ষ এবং “চাকরির জন্য প্রস্তুত” জনশক্তি সরবরাহ সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম বলেন, বর্তমান বৈশ্বিক বাজারে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান নয়, বরং কর্মক্ষেত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা অর্জন করতে হবে। এজন্য শিক্ষাদান পদ্ধতি ও কোর্সগুলোকে সময়োপযোগী করে সাজানো অত্যন্ত জরুরি। তিনি শিক্ষকদের নৈতিকতা ও দায়িত্বশীলতার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন এবং উল্লেখ করেন যে, শিক্ষার্থীরা শিক্ষকদের জীবনযাপন ও আচরণ থেকেই জীবনের মূল্যবান শিক্ষা পায়।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই আয়োজন প্রমাণ করে, সাউথইস্ট ইউনিভার্সিটি শুধু পাঠদান নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার উন্নয়ন এবং একবিংশ শতাব্দীর কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে খাপ খাওয়াতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।