কাস্টমস, আয়কর ও ভ্যাট-সংক্রান্ত জটিলতা সরাসরি শুনে সমাধান দিতে নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
চলতি সেপ্টেম্বর থেকে প্রতি মাসের দ্বিতীয় বুধবার “মিট দ্যা বিজনেস” শিরোনামে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ব্যবসায়ীরা সরাসরি তাদের সমস্যাগুলো তুলে ধরতে পারবেন এনবিআর চেয়ারম্যান ও বোর্ড সদস্যদের সামনে।
বুধবার (৩ সেপ্টেম্বর) এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রেড ফ্যাসিলিটেশনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠপর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত ও দ্রুত সমাধানের লক্ষ্যেই এই কর্মসূচি চালু হচ্ছে।
চলতি মাসে প্রথম “মিট দ্যা বিজনেস” বৈঠকটি আগামী ১০ সেপ্টেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এতে ব্যবসায়ীদের উপস্থিত থাকতে বিশেষভাবে উৎসাহিত করেছে এনবিআর।
এনবিআরের কর্মকর্তারা মনে করছেন, নিয়মিত এই সংলাপ ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা আনবে, করদাতাদের আস্থা বাড়াবে এবং অর্থনীতির প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।