ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশের বড় নিয়োগ উদ্যোগ নিয়েছে সরকার। পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে মোট চার হাজার জনকে অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে দুই হাজার পদ পূরণ হবে সরাসরি নিয়োগের মাধ্যমে এবং বাকি দুই হাজার হবে পদোন্নতির মাধ্যমে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, “চার হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে অর্ধেক পদোন্নতির মাধ্যমে এবং অর্ধেক সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ হবে।”
সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইচএসসি পাস। যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে রোল মডেল হিসেবে উপস্থাপন করতে চায় সরকার। এজন্য মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্বের প্রমাণ মিললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।