বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির জনপ্রিয় রেস্তোরাঁ ‘বাস্টিয়ান বান্দ্রা’ বন্ধ হয়ে যাচ্ছে— এমন খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই শুরু হয়। ভক্তদের পাশাপাশি অনেক তারকাও হতাশা প্রকাশ করেন, কারণ এটি শুধু একটি রেস্তোরাঁ ছিল না, বরং মুম্বাইয়ের অন্যতম আইকনিক জায়গা, যেখানে নিয়মিত ভিড় জমাতেন সেলিব্রিটিরাও।
কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলেন শিল্পা শেঠি?
অবশেষে নিজেই মুখ খুললেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে তিনি জানান, আর্থিক সমস্যার কারণে নয় বরং নতুন পরিকল্পনার অংশ হিসেবেই বান্দ্রার শাখা বন্ধ হচ্ছে। শিল্পার ভাষায়, “আমরা কোনো কিছুর সমাপ্তি নয়, বরং নতুন কিছুর সূচনা করছি।”
তিনি জানান, বান্দ্রার জায়গাতেই আসছে নতুন একটি দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁ, যেখানে পরিবেশন করা হবে সেখানকার ঐতিহ্যবাহী খাবারের সমৃদ্ধ আয়োজন। আর সবার প্রিয় ‘বাস্টিয়ান’ এবার চালু হচ্ছে জুহুতে, আরও বড় পরিসরে।
শিল্পার রেস্তোরাঁর অফিশিয়াল পেজ থেকেও এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে লেখা ছিল—
“আপনারা যখন গুজব ছড়াতে ব্যস্ত, আমরা পরিবেশন করছি আসল সত্য। বান্দ্রা ছিল আমাদের শুরু। সেই অধ্যায় শেষ হলেও সামনে অপেক্ষা করছে নতুন দুটি অধ্যায়। আমাদের ফ্ল্যাগশিপ ‘বাস্টিয়ান বান্দ্রা’ থেকে শুরু হওয়া যাত্রা এখন আরও বিস্তৃত হবে।”
অক্টোবরের মাঝামাঝি থেকে বান্দ্রার ঠিক সেই জায়গাতেই চালু হবে নতুন দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁ। পাশাপাশি খুব শিগগিরই জুহুতেও উদ্বোধন হবে ‘বাস্টিয়ান’-এর নতুন শাখা। বৃহস্পতিবার বান্দ্রার রেস্তোরাঁটি শেষবারের মতো গ্রাহকদের খাবার পরিবেশন করবে।