বলিউডের অচেনা এক চাঞ্চল্যকর খবর এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সিনেমায় কাজের সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তরুণীদের দেহ ব্যবসায় যুক্ত করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী আনুশকা মণিমোহন দাস। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে মহারাষ্ট্রের ঠাণে এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গোপন সূত্রে খবর পেয়ে মুম্বাই পুলিশ একটি হোটেলে অভিযান চালায়। এসময় হাতেনাতে ধরা পড়েন আনুশকা। ঘটনাস্থল থেকে দুই তরুণীকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তাদের সিনেমা ও টেলিভিশনে কাজের প্রলোভন দেখিয়ে অবৈধ কাজে জড়ানো হচ্ছিল।
অভিনেত্রী আনুশকা মণিমোহন দাসকে একসময় দেখা গিয়েছিল তেলেগু সিনেমা ‘লোফার’-এ। এছাড়া জনপ্রিয় সংগীতশিল্পী সানি সিং, মিকা সিং এবং উদিত নারায়ণের সঙ্গে মঞ্চে পারফর্ম করেছেন তিনি। বিনোদন জগতের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার পর তার বিরুদ্ধে এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে আনুশকার বিরুদ্ধে দেহ ব্যবসায় যুক্ত থাকার মামলা দায়ের করেছে। পাশাপাশি তদন্তে খতিয়ে দেখা হচ্ছে এই চক্রে আরও কেউ জড়িত কি না।