দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরীতেই সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৩ জন। এছাড়া রাজধানীর বাইরে ঢাকা বিভাগে ১৪৩ জন, বরিশাল বিভাগে ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, খুলনা বিভাগে ৩১ জন, রাজশাহীতে ৪৪ জন, ময়মনসিংহে ১৪ জন এবং সিলেটে ১ জন রোগী ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মোট ৪২২ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৩৩ হাজার ১২৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
এ বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৭ জন। একই সময়ে মোট ৩৪ হাজার ৯৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।