অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়াকে সহজ করতে করদাতাদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগ্রহী করদাতারা নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। লিংকটি হলো 👉 https://nbr.gov.bd/form/e-return-training/eng
সেখানে গিয়ে করদাতাদের নিচের তথ্য দিতে হবে—
কর শনাক্তকরণ নম্বর (টিআইএন)
নাম
ঠিকানা
মোবাইল নম্বর
ই-মেইল
প্রশিক্ষণ নেওয়ার সম্ভাব্য তারিখ
তথ্য পূরণ করে সাবমিট করলে পরে এনবিআর থেকে ই-মেইলের মাধ্যমে প্রশিক্ষণের তারিখ জানিয়ে দেওয়া হবে।
এ বছর থেকে সব করদাতাকেই অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। বর্তমানে দেশে প্রায় ১ কোটি ১২ লাখ টিআইএনধারী আছেন। করযোগ্য আয় থাকলে তাদের রিটার্ন দাখিল করতে হয়।
গত বছর থেকেই নির্দিষ্ট এলাকার ব্যক্তি করদাতা, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী এবং কিছু বহুজাতিক কোম্পানির কর্মীদের জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছিল। গতবার ১৭ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন।
করদাতারা ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন তৈরি, দাখিল ও কর পরিশোধ করতে পারবেন। কর পরিশোধের জন্য ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা থাকবে।
এ ছাড়া অনলাইন সিস্টেম থেকেই করদাতারা—
দাখিল করা রিটার্নের কপি
প্রাপ্তি স্বীকারপত্র
আয়কর সনদ
কর শনাক্তকরণ নম্বর (টিআইএন)
সহজে ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।