একসময় যেসব খেলোয়াড়কে তিনি স্বপ্নের নায়ক ভেবে উদযাপন করতেন, সেই তারকাদের নতুন করে চিনতে বাধ্য হয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টা জানান, দায়িত্ব নেওয়ার পর কাছ থেকে ক্রীড়াঙ্গনের ভেতরের বাস্তবতা তাকে সবচেয়ে বেশি ‘শকড’ করেছে।
সোমবার জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত এক আলোচনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
“আমি তো একজন ভক্ত ছিলাম, খেলাধুলা নিয়ে লেখালেখিও করেছি। কিন্তু উপদেষ্টা হওয়ার পর অনেক কিছু নতুন করে জানতে হয়েছে। বাইরে থেকে যা দেখা যায়, ভেতরের চিত্র তার সম্পূর্ণ উল্টো। যেসব খেলোয়াড়কে আমি প্রিয় মনে করতাম, তাদের অনেকেই লজ্জাজনক কর্মকাণ্ডে জড়িত।”
তিনি আরও বলেন,
“খেলাধুলায় আন্তর্জাতিক পর্যায়েই ফিক্সিং, বুকি কিংবা অবৈধ কার্যক্রমের মতো বিষয়গুলো থাকে। আমরা চেষ্টা করছি যেন বাংলাদেশে কোনো খেলায় এসব জায়গা না পায়। বিসিবি-সহ সংশ্লিষ্ট সবাই কাজ করছে বিষয়গুলো নিয়ন্ত্রণে আনতে।”
এমন বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, ক্রীড়াঙ্গনের স্বচ্ছতা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিচ্ছে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।