নেপালের রাজধানী কাঠমান্ডুসহ সারাদেশে চলমান সহিংস দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মঙ্গলবার তার সহকারী প্রকাশ সিলওয়াল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রয়টার্স।
গত দুই দিন ধরে দেশজুড়ে ‘জেন-জি প্রোটেস্ট’ নামে পরিচিত বিক্ষোভে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। রাজধানীতে দুর্নীতিবিরোধী আন্দোলনে উত্তেজিত বিক্ষোভকারীরা নেপালের সংসদ ভবনে আগুন ধরিয়ে দেয়। এসময় অন্তত ১৯ জন নিহত এবং ৯০ জনের বেশি আহত হন।
প্রধানমন্ত্রী ওলির পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ও অন্যান্য প্রভাবশালী নেতাদের বাসভবনেও হামলা চালানো হয়। রাজনৈতিক দলগুলোর একাধিক কার্যালয়ও ভাঙচুরের শিকার হয়।
সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগমি জানিয়েছেন, মঙ্গলবারের সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন এবং হাসপাতালে ভর্তি আছেন আরও অন্তত ৯০ জন আহত ব্যক্তি।
সংকট নিরসনে সর্বদলীয় বৈঠকের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী ওলি। তবে পদত্যাগের কয়েক ঘণ্টা আগে তিনি এক বিবৃতিতে জানান, “শান্তিপূর্ণ আলোচনাই সংকট সমাধানের একমাত্র উপায়।”
তবে শেষ পর্যন্ত জেন-জি বিক্ষোভকারীদের প্রধান দাবি মেনে পদত্যাগ করলেন ওলি।