বাংলাদেশ ও এর আশপাশের অঞ্চলে মৌসুমি বায়ুর অক্ষ সক্রিয় অবস্থায় রয়েছে। রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে এর একটি অংশ। পাশাপাশি আরেকটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানায়, আগামী ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় থাকবে একটি শক্তিশালী আংশিক মৌসুমি বৃষ্টিবলয়, যার নামকরণ করা হয়েছে “ঈশান ২”।
বিডব্লিউওটির তথ্যমতে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এই বৃষ্টিবলয় সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। তবে এটি পুরো দেশে প্রভাব ফেলবে। প্রচণ্ড ভ্যাপসা গরম কমে গিয়ে দেশের অন্যান্য অঞ্চলেও তাপমাত্রা স্বাভাবিক হতে শুরু করবে।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে—
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, ঈশান ২ বৃষ্টিবলয়ের কারণে উত্তরবঙ্গে আগেভাগেই বৃষ্টির পরিমাণ বাড়বে এবং দেশের সামগ্রিক তাপমাত্রা কমতে শুরু করবে।