পুঁজিবাজারে শেয়ার লেনদেন কারসাজির দায়ে কঠোর ব্যবস্থা নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ৯৭২তম কমিশন সভায় সাত ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে মোট ৪৪ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসির বিজ্ঞপ্তি অনুযায়ী, নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের শেয়ার কারসাজির দায়ে ৪ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন—
মো. রিয়াজ মাহমুদ সরকার: ১ কোটি ১৪ লাখ টাকা
আবুল বাসার: ৪ কোটি ২ লাখ টাকা
সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং: ৪ কোটি ২৮ লাখ টাকা
মো. সেলিম: ১ কোটি ৬৯ লাখ টাকা
জামিল: ২ কোটি ২০ লাখ টাকা
তাদের বিরুদ্ধে ২০২১ সালের ২৪ মে থেকে ৫ জুলাই পর্যন্ত শেয়ার কারসাজির অভিযোগ প্রমাণিত হয়েছে।
অন্যদিকে, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন কারসাজির দায়ে শাস্তি পেয়েছেন দুইজন।
এনআরবি ব্যাংকের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ কামরুল হাসানকে ৭৫ লাখ টাকা জরিমানার পাশাপাশি পুঁজিবাজার সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
শেখ ফকরুল আহমেদকে ৩০ কোটি ৩২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া, ফরচুন সুজ লিমিটেডের শেয়ার কারসাজির ঘটনায় জড়িত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সংশ্লিষ্ট কর্মীদের বিষয়ে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে প্রতিবেদন পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
একইসঙ্গে পুঁজিবাজারের আলোচিত ব্যবসায়ী মো. আবুল খায়ের হিরু ও তার সহযোগীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কমিশন স্পষ্ট জানায়, বাজারে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও কারসাজি প্রতিরোধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।